আনুষ্ঠানিকভাবে মেটার সিওও পদ ছাড়লেন শেরিল স্যান্ডবার্গ
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান পরিচালন কর্মকর্তার (সিওও) পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যহতি নিয়েছেন শেরিল স্যান্ডবার্গ। ১ আগস্ট নতুন প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন মেটার প্রধান প্রবৃদ্ধি কর্মকর্তা জাভিয়ান অলিভান। খবর এনগ্যাজেট।
এসইসি ফাইলিং থেকে জানা গেছে, প্রধান পরিচালন কর্মকর্তার পদ থেকে অব্যহতি নিলেও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি মেটার কর্মী হিসেবেই থাকছেন। এরপর তিনি মেটা পরিচালক বোর্ডের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নন-এমপ্লয়ি পরিচালক হিসেবে সুবিধাদি পাবেন।
দীর্ঘ ১৪ বছর ফেসবুকের সাথে থাকার পর গত জুনের প্রথমদিকে চাকরি ছাড়ার ঘোষণা দেন স্যান্ডবার্গ। স্যান্ডবার্গ ২০০৮ সালে ফেসবুকের একেবারে প্রথম দিকে এর সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ডেপুটি হিসেবে ফেসবুকে যোগদান করেন এবং প্রযুক্তি শিল্পে ফেসবুককে বিজ্ঞাপনবান্ধব একটি শক্তিশালী কোম্পানিতে পরিণত হতে সাহায্য করেন। তার দায়িত্ব পালনের মধ্যেই কোম্পানিটির মার্কেট ক্যাপিং ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে।
ফেসবুকে যোগদানের আগে স্যান্ডবার্গ ক্লিনটন প্রশাসনের ট্রেজারি বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া গুগলেও তিনি দীর্ঘ সময় কাজ করেছিলেন।
ডিবিটেক/বিএমটি